সারাদেশ
মাদারগঞ্জে নিজ উদ্যোগে সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী ফাহাদ হোসেন

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত একটি কাঁচা সড়ক নিজ উদ্যোগে সংস্কার করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফাহাদ হোসেন। এতে স্থানীয়দের চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে। প্রায় আধা কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদার কারণে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
স্থানীয়দের সেই দুর্ভোগ লাঘবে শুক্রবার দুপুরে নিজ উদ্যোগে সড়কটিতে ইটের রাবিশ ফেলে সংস্কার কাজ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফাহাদ হোসেন। এতে আপাতত সড়কটি চলাচলের উপযোগী হয়ে উঠেছে। সেই সাথে একই এলাকার স্থানীয় একটি মসজিদের উন্নয়ন কাজে নগদ অর্থ প্রদান করেন তিনি।
স্থানীয় বাসিন্দা ফরহাদ হোসেন ও সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে চলাচলে আমাদের অনেক কষ্ট হতো। এখন সংস্কার করায় চলাচল অনেক সহজ হয়েছে। তবে আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ীভাবে সড়কটি নির্মাণ করে দিক।
স্থানীয়দের দাবি, সাময়িক সংস্কারে কিছুটা স্বস্তি মিললেও স্থায়ী উন্নয়ন ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান হবে না।
চেয়ারম্যান পদপ্রার্থী ফাহাদ হোসেন বলেন, মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই তিনি নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করেছেন। ভবিষ্যতেও এলাকার প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।




