স্বস্তির সংবাদ পেলেন রাজপাল যাদব

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। চেক বাউন্স সংক্রান্ত একাধিক মামলায় বড় ধরনের আইনি স্বস্তি পেলেন। আপাতত তাকে জেলে যেতে হচ্ছে না। তবে এই ছাড় পেতে তাকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদালতের নির্দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে ৫ কোটি রুপি জমা দিলেই বহাল থাকবে এই সুবিধা। গত মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট রাজপাল যাদবকে আপাতত আত্মসমর্পণ না করার অনুমতি দেন। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ রাজপাল ও তার স্ত্রী রাধা যাদবের করা আবেদনের প্রেক্ষিতে এই স্বস্তিদায়ক আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে ৫ কোটি রুপি জমা দিতে হবে অভিনেতাকে। ওই অর্থ যথাসময়ে জমা পড়লেই তিনি আত্মসমর্পণ থেকে অব্যাহতি পাবেন। তবে নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে এই আইনি সুরক্ষা বাতিল হয়ে যাবে। আদালতে রাজপাল যাদবের পক্ষে মামলাটি উপস্থাপন করেন আইনজীবী সৌরভ ত্রিবেদী। আবেদনের গুরুত্ব বিবেচনা করে সর্বোচ্চ আদালত তাকে সাময়িক রেহাই দেন। আগামী মঙ্গলবার মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।




