প্রধান খবরসারাদেশ

লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধাওয়ায় গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে স্থানীয় কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই কৃষক আহত হয়েছেন। পরে স্থানীয় কৃষকেরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ সদস্যরা ককটেল ও সাউন্ড বোমা বিস্ফোরণ এবং ফাঁকা গুলি ছুড়ে ভারতের দিকে সরে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর মূল সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষকদের ভাষ্য, ঘটনার সময় তারা বাংলাদেশের অভ্যন্তরে নিজেদের জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে তাদের জমি থেকে চলে যেতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা দিয়ে কৃষকদের ওপর হামলা চালানো হয়। এতে দুই কৃষক আহত হন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের কৃষক ও স্থানীয় লোকজন একত্র হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা ককটেল, সাউন্ড বোমা ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভারতের দিকে চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। এ ঘটনায় বিএসএফের অনুপ্রবেশ এবং গুলি ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। ঘটনার পর থেকে বামনদল সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। লালমনিরহাট ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীনুল ইসলাম জানান, ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও বিএসএফকে জানানো হবে। বিজিবি অধিনায়ক আরও বলেন, বিএসএফের দাবি, পাথর উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয় কৃষকদের দাবি, তারা বাংলাদেশের ভেতরে নিজেদের জমিতে কাজ করছিলেন। এ ঘটনাকে কেন্দ্র সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!