খেলাধুলা

নাহিদ রানার চোট নিয়ে যা জানা গেলো

গত মাসের (সেপ্টেম্বর) শেষ দিকে আবারও চোট পেয়েছিলেন নাহিদ রানা। পরে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় গিয়েছেন এই পেসার। সেখানে পৌঁছে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোকে দেখিয়েছেন নাহিদ। পরে সেখানেই ১০ দিনের রিহ্যাব সেশন করছেন এই পেসার। পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেছে, ল্যাব্রামে চোটে পড়েছেন নাহিদ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, (নাহিদের) ল্যাব্রাম ছিঁড়ে যাওয়ার চোট শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ায় তাকে ইতোমধ্যে ইনজেকশন দেওয়া হয়েছে এবং পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে সে। আগামী শুক্রবার থেকে তার বোলিং শুরু করার সম্ভাবনা রয়েছে।’ তবে বোলিংয়ে ফিরলেই যে দ্রুত ম্যাচ খেলার মতো অবস্থায় পৌঁছাবেন, তা নিশ্চিত নয়। তার খেলা নির্ভর করবে পুনর্বাসনে অগ্রগতি ও সুস্থতার গতির ওপর। ওই কর্মকর্তা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের আগে যদি সে সুস্থ হতে না পারে, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারে।’ এর আগে গত জুলাইয়ে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সময় গ্রেড-২ সাইড স্ট্রেইনে পড়েছিলেন নাহিদ। অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি এই পেসার। পুনর্বাসন চলাকালে নিতম্বের পেশিতেও নতুন করে চোট পান নাহিদ। ফলে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে যান তিনি। আগামী বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!