বিনোদন

বক্স অফিসে নতুন রেকর্ড গড়লো ‘স্পাইডার-ম্যান’

শিশু থেকে বড়-সুপারহিরো সিনেমাপ্রেমীদের কাছে স্পাইডার-ম্যান বরাবরই জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়েও দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক। বাংলাদেশে ৩০ জুলাই মুক্তির পর সিনেমাটি ভালো সাড়া পেয়েছে। অনানুষ্ঠানিক বক্স অফিস ট্র্যাকিং অনুযায়ী, মুক্তির ২৪ দিনে বাংলাদেশে ছবিটির আয় প্রায় ১২ কোটি ৪২ লাখ টাকা। এদিকে সিনেমাটির বিশ^ব্যাপী সাফল্যের মধ্যেই হলিউডের গ্রীষ্মকালীন বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি হয়েছে। রেন্ট্রাকের তথ্য অনুযায়ী, ১ মে থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর আমেরিকার গ্রীষ্মকালীন বক্স অফিসে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ হাজার ৫০০ কোটি টাকা। এর মাধ্যমে ২০১৩ সালের ৪ দশমিক ৭৫৫ বিলিয়ন ডলারের আগের রেকর্ড ভেঙে গেছে। এবারের সাফল্যে বড় ভূমিকা রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘দ্য ওডিসি’ ও ‘টয় স্টোরি ৫’। এর মধ্যে উত্তর আমেরিকায় ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আয় করেছে প্রায় ৯২৩ দশমিক ৫ মিলিয়ন ডলার। বিশ^ব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে। রেন্ট্রাক জানায়, এবারই প্রথম গ্রীষ্মকালীন মৌসুমের মে, জুন, জুলাই ও আগস্ট-চার মাসেই উত্তর আমেরিকার বক্স অফিস আয় ১ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। মে মাসে ১ দশমিক ০৭ বিলিয়ন, জুনে ১ দশমিক ০৮ বিলিয়ন, জুলাইয়ে ১ দশমিক ১৮ বিলিয়ন এবং আগস্টে প্রায় ১ দশমিক ২৭ বিলিয়ন ডলার আয় হয়েছে। ‘দ্য ওডিসি’ও বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। উত্তর আমেরিকায় ছবিটির আয় প্রায় ৫৮৯ মিলিয়ন ডলার এবং বিশ^ব্যাপী প্রায় ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। শুধু আইম্যাক্স থেকেই ছবিটি আয় করেছে প্রায় ৪৮৬ মিলিয়ন ডলার। বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজি সিনেমার পাশাপাশি তরুণ দর্শকদের পছন্দের ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’-এর মতো ছবিও এবারের মৌসুমে ভালো ব্যবসা করেছে। এতে মহামারির পর সিনেমা হলে দর্শক ফেরার প্রবণতা আরও শক্তিশালী হয়েছে। অবশ্য সব সিনেমা সমান সাফল্য পায়নি। ‘ফল ২: ডেডপয়েন্ট’ ও ‘অনসলট’ প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। অন্যদিকে ‘কায়োটি বনাম অ্যাকমি’ দর্শকদের ইতিবাচক সাড়া পেয়ে বক্স অফিসে ভালো অবস্থান তৈরি করেছে। সব মিলিয়ে, ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিসের এই রেকর্ডকে মহামারির পর হলিউডের সিনেমা ব্যবসায় বড় ধরনের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!