সারাদেশ

মাদারগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
ভুলবশত বিকাশে পাঠানো ২০ হাজার টাকা ফেরত আনতে যাওয়ার পথে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিপু মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার সন্ধ্যায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিপু মিয়া(২৬) জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি জামালপুর শহরের এম এ রশিদ হাসপাতালসংলগ্ন এলাকায় মুদি ও বিকাশের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দুইদিন আগে ভুলবশত বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মাদারগঞ্জের এক ব্যক্তির নম্বরে চলে যায়। সেই টাকা ফেরত নিতে বুধবার সন্ধ্যায় বন্ধু উল্লাসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে জামালপুর থেকে মাদারগঞ্জের উদ্দেশে রওনা হন দিপু। পথে ভেলামারি এলাকায় পৌঁছালে মাদারগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিপু মিয়া নিহত হন এবং গুরুতর আহত হন উল্লাস।
আহত উল্লাস ইসলামপুর উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
নিহতের চাচা জাকিরুল ইসলাম বলেন, ঈদের দুইদিন আগে ভুলবশত বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মাদারগঞ্জের এক ব্যক্তির নম্বরে চলে আসে। পরে ওই ব্যক্তির সাথে দিপু যোগাযোগ করে। আজ সেই টাকা ফেরত নিতে মাগরিব নামাজের সময় দিপু তার বাবাকে দোকানে বসিয়ে রেখে মাদারগঞ্জ আসছিল। পথে সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। দিপুর স্ত্রী ও একটি মেয়ে সন্তান রয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক ট্রাকচালককে আটক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!