জ্বিনের কথায় জীবিত ভেবে দাফনের ১২ ঘন্টাপর কবর থেকে বৃদ্ধার লাশ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহ উপজেলায় এক বৃদ্ধা নারীর দাফনের ১২ ঘন্টাপর জ্বিনের কথায় জীবিত ভেবে কবর থেকে লাশ উত্তোলনের ঘটনা ঘটেছে। এ সময় মৃতের স্বজনরা মৃতদেহ নিয়ে মেলান্দহ ও জামালপুরের একাধিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে। শনিবার রাত ৯টার দিকে মেলান্দহ উপজেলার চর মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর মাহমুদপুর গ্রামের মৃত সোহরাব আকন্দের স্ত্রী হালিমা খাতুন(৬৫) বার্ধক্যজনিত কারনে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মারা যান। শনিবার সকাল ৮টায় জানাযা শেষে হালিমা খাতুনকে দাফন করা হয়। কিন্তু মৃত হালিমা খাতুনের জ্বিনের আছড়ে আক্রান্ত মেয়ে সুলতানা(৪০) দাফনের পর থেকেই তার মা জীবিত আছে জ্বিন তাকে জানিয়েছে বলে চিল্লাচিল্লি করতে থাকে। একপর্যায়ে হালিমা খাতুনের স্বজনরা রাত ৯টার দিকে কবর থেকে তার লাশ উত্তোলন করে। পরে হালিমা খাতুন আসলেই জীবিত রয়েছে কিনা সেটা জানার জন্য রাতেই মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এরপর সেখান থেকে প্রথমে মেলান্দহ ও পরে জামালপুরের একাধিক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
চিকিৎসকদের মৃত ঘোষণার পর পুন:রায় হালিমা খাতুনের মৃতদেহ দাফনের জন্য রাতেই তার স্বজনরা গ্রামের বাড়িতে ফিরে যায়। বিষয়টি ওই এলাকাসহ সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জামালপুর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।




