জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক:
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বন বিভাগ।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুবাশি^রা হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, সরকার সবুজায়নের লক্ষ্যে সারাদেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে। সরকারের এই উদ্যোগের সাথে বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাক্তি পর্যায়ে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বর্ষাকাল যেহেতু গাছ লাগানোর উত্তম সময় তাই গাছের বেড়ে উঠার মত উপযোগী কোন জায়গা খালি না রেখে সেখানে বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে হবে। অকারণে বৃক্ষ নিধন, গাছের সাথে মানুষের সম্পর্ক তৈরি ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এই ধরণের মেলা বিশেষ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, একটি গাছ জীবদ্দশায় যে পরিমাণ অক্সিজেন, ছায়া, ফুল, ফল, জ¦ালানী সরবরাহ ছাড়াও পরিবেশের জন্য যে অবদান রাখে সেদিক থেকে গাছটি অমূল্য সম্পদে পরিণত হয়। তাই সবাইকে বেশী বেশী বৃক্ষরোপণ করতে হবে।
পরে মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল পরিদর্শণ করেন অতিথিরা। সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় মোট ৩০ স্টল স্থান পেয়েছে।




