বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের বকশীগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে শফিকুল ইসলাম চাঁন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পুরান বাঁশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শফিকুল ইসলাম চাঁন(৬০) পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে গরুর জন্য বাড়ির পাশে একটি পাট ক্ষেতে ঘাস কাটতে যান শফিকুল ইসলাম চান। এসময় একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দিলে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ির লোকজন তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরিস্থতির অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে বিকালে শফিকুল ইসলাম চান এর মৃত্যু হয়।
নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা জানান, সকালে ঘাস কাটতে গেলে একটি বিষাক্ত সাপ কামড় দিলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম চানের মৃত্যু হয়।




