
শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
বিএনপির জাতীয় নির্বাহী কমটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, বিগত ১৫-১৬ বছর আওয়ামী লীগ এই দেশকে ধ্বংসের শেষ প্রান্তে এনে দাঁড় করিয়েছে। অর্থনীতির লুটপাটের মধ্য দিয়ে বাংলাদেশকে পঙ্গু করা হয়েছে। দলীয়করণের মধ্য দিয়ে প্রশাসনকে আওয়ামী লীগের দলীয় প্রশাসন করা হয়েছে। যার নজির আপনারা এখনও দেখেছেন। গত ৫ই আগস্টের পট পরিবর্তনের পরে বাংলাদেশে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামী। তারা স্বাধীনতার বিরুদ্ধে থাকার কারণে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল। ৫ই আগস্টের পট পরিবর্তনের কারণে রাজনৈতিকভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছে। বিরোধী দলের আসনে বসার সুযোগ পেয়েছে। কিন্তু তারা যদি পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করে তবে স্বাধীনতা বিরোধী শক্তি এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না। তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি বাংলাদেশে কার্যকর করা হবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকেলে শহরের দয়াময়ী মোড়ে জামালপুর জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।




