
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে প্রাইম ল্যাব স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ফুটবল প্রীতি ম্যাচ। সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত এ খেলাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শনিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় ক্ষুদে শিক্ষার্থীরা। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের উৎসাহিত করা এবং স্মার্টফোনের প্রতি আসক্তি কমিয়ে শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।
প্রাইম ল্যাব স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. পিউল ইসলাম রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা মমতাজ বেগম ও সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যরা।
বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য, দায়িত্ববোধ ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ—তাই তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে।




