সারাদেশ

পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, আগামী পাঁচ বছরে উপজেলায় এক লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে দেশব্যাপী ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় মাদারগঞ্জে এ কর্মসূচি শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৮০ দিনে উপজেলায় ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি বলেন, আমরা আগামী পাঁচ বছরে মাদারগঞ্জ উপজেলায় এক লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছি। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। সবাইকে অন্তত একটি গাছ রোপণ এবং তার যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!