বিনোদন

বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা নিয়ে আসছেন তানিম রহমান

অনন্ত রহস্যের মহাকাশ নিয়ে যুগ যুগ ধরে চলচ্চিত্র হয়ে আসছে। বিশেষ করে হলিউড এ জনরায় অনন্য উচ্চতায় চলে গেছে। তবে বাংলাদেশের চলচ্চিত্রে মহাকাশের গল্প উঠে আসেনি। এবার সে অপূর্ণতা ঘুচিয়ে নতুন অধ্যায় রচনা করতে চলেছেন নির্মাতা তানিম রহমান অংশু। তার নতুন ছবি ‘লিম্বো’ নির্মিত হবে মহাকাশ তথা স্পেস ড্রামা ও কসমিক রোম্যান্সের গল্পে। গত সোমবার ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অংশু। সঙ্গে প্রকাশ করেছেন একটি লোগো পোস্টার। তাতে দেখা যায়, একটি মহাকাশযানের জানালা দিয়ে দূরের নীলগ্রহ অর্থাৎ পৃথিবী দেখা যাচ্ছে। আর জানালার দুই পাশে দুটো মানুষের হাত। আঁচ করা যায়, তাদের সম্পর্কের দূরত্ব দেখা যাবে ছবিতে। অংশু জানান, এ ধরনের প্রেক্ষাপটে বাংলাদেশে এর আগে চলচ্চিত্র হয়নি। বিশেষ করে এর ভিজ্যুয়াল ইফেক্টস ও গল্পের গভীরতায় নতুনত্ব পাবে দর্শক। বিশাল ক্যানভাসের সিনেমাটি আন্তর্জাতিক মানের করে তোলার জন্য তিনটি ভিন্ন দেশে শুটিং করবেন নির্মাতা। আগস্টে শুরু হবে ছবির শিল্পী-কলাকুশলীদের সঙ্গে আলাপ ও চুক্তি। এরপর শুটিং সেরে পাঠাবেন বিভিন্ন দেশের উৎসবে। অতঃপর আসবে দেশের প্রেক্ষাগৃহে। ‘ন ডরাই’ (২০১৯) দিয়ে বাজিমাৎ করেছিলেন অংশু। কিন্তু এরপর আর চলচ্চিত্র বানাননি। দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ৬-৭ বছরে বেশ কয়েকটি ছবি আমার পরিকল্পনায় ছিল। কিন্তু আমি এমন কিছু খুঁজছিলাম, যেটা হবে চ্যালেঞ্জিং এবং যেটার গল্প এর আগে বাংলাদেশে দেখা যায়নি। কারণ আমি সবসময় নতুন ধারা বা নতুন জনরা তৈরি করতে পছন্দ করি।’ তবে বাংলাদেশে এমন আয়োজনের ছবি নির্মাণ সহজ নয় বলেও মনে করেন তিনি। তার ভাষ্য, “আমার মনে হয় ‘লিম্বো’ খুবই চ্যালেঞ্জিং প্রজেক্ট। বাংলাদেশে এটি নির্মাণ করা অসম্ভব মনে হলেও একজন নির্মাতা হিসেবে আমি এই চ্যালেঞ্জটিই নিয়েছি।” ভিন্নধর্মী এই স্পেস ড্রামা ছবিটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!