সাহিত্য

কবিতা: মেঘ বৃষ্টির খেলা

সিরাজুল ইসলাম অনির্বাণ

বৃষ্টি এলো বৃষ্টি এলো, বৃষ্টি এলো ওই-
হঠাৎ করে বৃষ্টি এলে অবাক চেয়ে রই!

কোথা থেকে আসিস আবার কোথায় চলে যাস!
লাগলে খিদে ওই আকাশে কোথায় খেতে পাস?
আসার আগে মুখটা কেন কালো করে রাখিস?
আকাশ জুড়ে কেন অমন বিষাদ ছবি আঁকিস!

কখনো বা অভিমানে উধাও হয়ে যাস
কখনো বা ফিরে এসে রুদ্ররূপ দেখাস
কখনো বা রেগে গিয়ে ভীষণ গর্জে শাসাস
কখনো বা জেদ ধরে তুই বাণের জলে ভাসাস!

সাদা মেঘের ভেলায় চড়ে কখনো বেড়াস ঘুরে
রিমঝিমিয়ে ভিজে দিয়ে কখনো পালাস দূরে
কখনো অতি কঠিন হয়ে ক্ষোভে ফুঁসে উঠিস
কখনো রোদে পুড়লে ফসল তার পিছনে ছুটিস।

তোর জলেতে ফল ও ফসল ইচ্ছে মতো ফলে
তোর জলেতে নৌকো-জাহাজ হেলেদুলে চলে
তোর জলেতে গাছ-গাছালি মাথা তুলে চায়
তোর জলেতে জেলে-মাঝি ভাটিয়ালি গায়।

জমে থাকা ময়লাগুলো তুই কি ধুতে আসিস?
নষ্ট হওয়া মানুষগুলোকে তুই এত ভালবাসিস!
পারিস যদি মনটাকে তুই একটু ধুয়ে দেনা
তোর স্বচ্ছ জলে শুদ্ধ করে আপন করে নে না।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!