জামালপুরে অবৈধ দুই ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ধ্বংস, পাঁচ লাখ টাকা জরিমানা
র্যাবের গাড়ি ভাংচুরের ঘটনায় ইটভাটা মালিকের মাসহ দুইজন আটক, স্বীকার করেনা পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার চিমনি ধ্বংস ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযান পরিচালনার সময় বাঁধা ও র্যাবের গাড়ির গ্লাস ভাঙ্গার অভিযোগে ইটভাটা মালিকের মা ও কর্মচারীকে আটক করেছে আইন শৃঙ্খলাবাহিনী। তবে রহস্যজনক কারনে হামলা ও আটকের বিষয়টি এড়িয়ে যান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোবিন্দপুর ও পিঙ্গলহাটি এলাকায় অবৈধভাবে পরিচালিত জিরন ও যমুনা ব্রিকস্ নামে দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। প্রথমে সদরের শরিফপুর ইউনিয়নের পিঙ্গলহাটি এলাকায় জিরন ব্রিকসে র্যাব ও পুলিশকে নিয়ে অভিযানে যায় পরিবেশ অধিদপ্তর।

এ সময় ওই ইটভাটার মালিক ও শ্রমিকরা অভিযান পরিচালনায় বাঁধা দেয় এবং এক পর্যায়ে ইটভাটার মালিকের মা রোজিনা বেগমসহ বেশ কয়েকজন ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে করে অভিযানে থাকা র্যাবের একটি গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। অভিযানে বাঁধা দেয়ার ঘটনায় জিরন ব্রিকসের মালিক সৌরভ হাসান বাবুর মা রোজিনা বেগম ও ইটভাটা কর্মচারি মাহমুদুল হাসান সুজন নামে দুইজনকে আটক করে পুলিশ। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে জিরন ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়।

অপরদিকে সন্ধ্যায় একই ইউনিয়নের পিঙ্গলহাটি এলাকায় যমুনা ব্রিকসে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় মালিক পক্ষের কাউকে না পেয়ে চিমনি ধ্বংস করে দেয় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকুমার দাস। এ সময় জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি উপস্থিত ছিলেন। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনার সময় বাঁধা এবং র্যাবের গাড়ি ভাংচুরের বিষয়ে প্রশ্ন করলে রহস্যজনক কারনে তার উত্তর এড়িয়ে যান।




