সারাদেশ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয় ও সহযোগিতা বাড়াতে এফএনবি জামালপুরের তাগিদ

উপজেলা পর্যায়ে কমিটি গঠন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও মাঠপর্যায়ের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও জনমুখী করতে এনজিও প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে এনজিও ফেডারেশন বাংলাদেশ (এফএনবি) জামালপুর জেলা শাখা। একই সঙ্গে উপজেলা পর্যায়ে কমিটি গঠন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার জামালপুরের মাদারগঞ্জে আদর্শ সমাজ প্রযুক্তি সেবা (এএসপিএস) সংস্থার কার্যালয়ে এফএনবি জামালপুর জেলা শাখার ত্রৈমাসিক সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন এফএনবি জামালপুর জেলা শাখার সভাপতি ও উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা। সভা সঞ্চালনা করেন এফএনবি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম।

সভায় এফএনবির সহ-সভাপতি ও এসএসএস-এর জোনাল ম্যানেজার আবুল বাসার সরদার, কোষাধ্যক্ষ ও বুরো বাংলাদেশের জোনাল ম্যানেজার মো. আতাউর রহমান, সমাজসেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম, টিএমকেএস-এর নির্বাহী পরিচালক শামিমা খান, এসএনকেএস-এর নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক, এএসপিএস-এর নির্বাহী পরিচালক মো. জাহিদুল ইসলাম, আশার ডিএম মো. গিয়াস উদ্দীন, এসএসজেইউএস-এর নির্বাহী পরিচালক ডা. আমিনুল ইসলাম, দাপুস-এর নির্বাহী পরিচালক মো. আলী আকবর, গণচেতনার ম্যানেজার জাবেদ আলীসহ সদস্যভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ফেডারেশনের চলমান কার্যক্রম ও সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি উপজেলা ভিত্তিক কমিটি গঠন, সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সদস্যরা জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বিশেষ করে স্থানীয় পর্যায়ে এনজিওগুলোর মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং প্রয়োজন অনুযায়ী সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের উপদেষ্টা রফিকুল আলম মোল্লা। তিনি উপজেলা পর্যায়ে কমিটি গঠনের গুরুত্ব তুলে ধরে এফএনবির কার্যক্রমকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পর্যায়ে সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হলে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব বলেও তিনি মত দেন।

সভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, সদস্য প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, এনজিও খাতে সুশাসন ও জবাবদিহিতা জোরদার এবং জেলার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে জামালপুরের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সদস্য প্রতিষ্ঠানগুলো পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!