সারাদেশ

দেশি পোশাকে ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ‘টেরি বাজারে’ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ। তিনি জানান, অভিযানে টেরি বাজার সংলগ্ন ‘রাজস্থান’ নামক একটি প্রতিষ্ঠানে বাংলাদেশি পোশাকে ওপর ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়। ফয়েজ উল্লাহ বলেন, এ ছাড়া পুরাতন স্টিকারের ওপর নতুন স্টিকার লাগিয়ে পণ্যের মূল্য বৃদ্ধি করে বিক্রি করার অপরাধে ‘খাজানা’ নামক একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের এ কর্মকর্তা আরও জানান, অন্যদিকে ‘কুদু’ নামক একটি প্রতিষ্ঠানে মেয়াদ ছাড়া ইফতার সামগ্রী বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!