প্রধান খবরসারাদেশ

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত এমন সমন্বিত নীতিমালার ওপর স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে সরকারের নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে, তা বহাল রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল বলেন, নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, কারা একই পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবেন এবং কারা সারের ডিলার বা খুচরা বিক্রেতা হওয়ার জন্য উপযুক্ত হবেন না। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে একই পরিবারের একজনের ডিলারশিপ বা যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত খুচরা বিক্রেতার আইডি কার্ড থাকলে পরিবারের অন্য কোনো সদস্য ডিলারশিপ বা খুচরা বিক্রেতার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তিনি বলেন, ২০০৯ সালের নীতিমালার আওতায় একই পরিবারের একাধিক সদস্যের ডিলারশিপ নেওয়ার যে সুযোগ ছিল, বর্তমান সরকার নতুন নীতিমালার মাধ্যমে সেটিকে যুগোপযোগী করে স্বচ্ছতা আনার চেষ্টা করেছে। অ্যাটর্নি জেনারেল জানান, এর বিরুদ্ধে পাঁচজন পরিবারের সদস্য ৬ অক্টোবর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে ২০২৬ সালের ২৭ আগস্ট প্রণীত নতুন নীতিমালার ওই অংশ চ্যালেঞ্জ করে দুটি রিট পিটিশন দায়ের করেন। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে বিদ্যমান ডিলারশিপ থেকে তাদের বাদ না দেওয়ার নির্দেশনা দেন এবং নীতিমালার ওই অংশের ওপর স্থিতাবস্থা জারি করেন। তিনি বলেন, হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। বুধবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আবেদনটির শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!