১৮ দেশের সঙ্গে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৮টি দেশের সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল সোমবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৭তম দিনে প্রশ্ন উত্তর পর্বে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এই তথ্য জানান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে সংসদে প্রতিমন্ত্রী নুরুল হক জবাব দেন। আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সৌদি আরবের পর অন্যতম বড় শ্রমবাজার হচ্ছে মালয়েশিয়া। এই শ্রমবাজার খোলার লক্ষ্যে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এপ্রিল মাসের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত মাহদী আমিন এবং আমি দেশটি সফর করেছি। মালয়েশিয়ার সরকার ও আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করছি, অতিদ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য বন্ধ এবং সংকুচিত শ্রমবাজার মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মীর পাঠানোর লক্ষ্যে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে দক্ষকর্মী পাঠানোর উদ্দেশে এক লাখ ড্রাইভার তৈরির জন্য দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের যে সকল দেশে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হচ্ছে। মন্ত্রী জানান, মন্ত্রণালয় এবং জাপান এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে। অধিক হারে কর্মী পাঠানোর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ নামে আলাদা সেল গঠন করা হয়েছে। আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে পুরুষ কর্মীর পাশাপাশি ৬২ হাজার ৩৫২ জন নারী কর্মী রয়েছেন।




