রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

রাজ চক্রবর্তীর সঙ্গে প্রায় চার বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিয়ে নিয়ে একসময় নিজের ভাবনার কথা স্পষ্টই জানিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই সময় রাজের জীবনে নতুন সম্পর্কের খবর সামনে এলেও মিমির প্রতিক্রিয়ায় ছিল না কোনো তিক্ততা। বরং শুভকামনাই জানিয়েছিলেন তিনি। বছর কয়েক পর আবারও মিমির বিয়ে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে টালিউডে। গুঞ্জন, ২৬ নভেম্বর আইনি বিয়ে সেরে ডিসেম্বরের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী।
২০১৬ সালে রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির সম্পর্কের ইতি ঘটে। তাঁদের সম্পর্ক নিয়ে তখন টালিউডে বেশ আলোচনা ছিল। ওই বছরের নভেম্বরে এক সাক্ষাৎকারে মিমি সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। এমনকি তাঁদের মধ্যে বিয়ে নিয়েও আলোচনা হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি। রাজের জীবনে পরে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আসার প্রসঙ্গে জানতে চাওয়া হলে মিমি তাঁদের শুভকামনা জানান। তাঁর কথায়, সম্পর্কের অধ্যায় শেষ হলেও কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করেননি তিনি।
এর কয়েক বছর পর বিয়ে নিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করেন মিমি। ২০২০ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিয়ে তাঁর জীবনে কী যোগ করবে, তা নিয়ে তিনি নিশ্চিত নন। সে সময় বিয়ের কোনো পরিকল্পনাও ছিল না তাঁর। নতুন সম্পর্কে জড়ানোর মতো মানসিক জায়গায় নেই বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। জীবনে বাড়তি জটিলতা চান না, এমন মনোভাবই প্রকাশ পেয়েছিল তাঁর কথায়।
তবে সেই মিমির বিয়ে নিয়ে এখন নানা জল্পনা। অভিনেত্রীর সঙ্গে সিদ্ধার্থ দত্ত নামে এক ব্যক্তির সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তাঁকে নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন পরিচয় উঠে এসেছে। কোথাও তাঁকে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা, আবার কোথাও বাণিজ্যিক জাহাজের সঙ্গে যুক্ত মেরিন ইঞ্জিনিয়ার বলা হয়েছে। তবে সিদ্ধার্থের পরিচয় কিংবা মিমির সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
গুঞ্জন অনুযায়ী, ২৬ নভেম্বর মিমি ও সিদ্ধার্থের আইনি বা রেজিস্ট্রি বিয়ে হতে পারে। এরপর ডিসেম্বরের শুরুতে কালিম্পংয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করার কথাও শোনা যাচ্ছে। সম্ভাব্য অনুষ্ঠান ঘিরে জলপাইগুড়িতে মিমির মামাবাড়িতেও প্রস্তুতির খবর এসেছে। যদিও বিয়ের আয়োজন নিয়ে অভিনেত্রী নিজে বিস্তারিত কিছু জানাননি।
বিয়ের আমন্ত্রণপত্র নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। সেখানে মিমির পোষ্য চরশঁ জুনিয়র, ম্যাক্স ও জাদুর ছবি রয়েছে বলে জানা গেছে। এদিকে বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে মিমি রহস্যময় উত্তর দিয়েছিলেন। তাঁর কথায়, ‘আমি এমন একজন মানুষ, যে জীবনে কাউকে হতাশ করে না। আমি খুব মজার মানুষ। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’
অন্য এক বক্তব্যে বিয়ে নিয়ে জল্পনার বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি নিশ্চিতও করছি না, আবার অস্বীকারও করছি না। সঠিক সময় এলে সবাই জানতে পারবেন।’
রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর একসময় বিয়ে নিয়ে অনাগ্রহের কথা জানিয়েছিলেন মিমি। সেই অভিনেত্রীকে ঘিরেই এখন বিয়ের গুঞ্জন। তবে জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা কবে আসবে, সেদিকেই নজর তাঁর অনুরাগীদের।




