খেলাধুলা

বিপিএল ফিক্সিং: দায় স্বীকার ৭ জনের, প্রকাশ্যে এসেছে ৬ জনের নাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফিক্সিং তদন্তে অভিযুক্ত ১০ জনের মধ্যে সাতজন নিজেদের দায় স্বীকার করেছেন। তবে দায় স্বীকার করা সাতজনের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের নাম প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করা বাকি তিনজনের বিষয়ে সিদ্ধান্ত হবে ট্রাইব্যুনালে। অভিযুক্ত সবাইকে সাময়িকভাবে নিষিদ্ধ করার পাশাপাশি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলে ফিক্সিং বিতর্ক নতুন নয়। প্রায় প্রতিটি আসরেই এ নিয়ে নানা অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে। তবে একাদশ আসরে একাধিক সন্দেহজনক কর্মকাণ্ড সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে তদন্তে নামে বিসিবি।
৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন
একাদশ বিপিএলে বিভিন্ন সন্দেহজনক কর্মকাণ্ডের পর গত বছরের ফেব্রুয়ারিতে তদন্ত কমিটি গঠন করে তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বে গঠিত কমিটি দীর্ঘ অনুসন্ধান শেষে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়।
ওই প্রতিবেদনের ভিত্তিতে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে নয় ক্রিকেটারকে বাইরে রাখে তৎকালীন বিসিবি। তারা হলেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।
পরবর্তী সময়ে বিসিবির নেতৃত্বে পরিবর্তন আসে। তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড ৯০০ পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনকে আগের মতো গুরুত্ব দেয়নি। তবে ওই নয় ক্রিকেটারের ওপর বাড়তি নজরদারি রাখা হবে বলে জানিয়েছিলেন বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান।
দায় স্বীকার করেছেন ৭ জন
দ্বাদশ বিপিএলেও ফিক্সিংয়ের একাধিক অভিযোগ ওঠে। তদন্ত শেষে তিন দফায় এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। অভিযুক্ত প্রত্যেককে সাময়িকভাবে নিষিদ্ধ করার পাশাপাশি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়।
এর মধ্যে সাতজন অভিযোগের দায় স্বীকার করেছেন। দায় স্বীকার করা ব্যক্তিদের মধ্যে প্রকাশ্যে এসেছে ছয়জনের নাম। তারা হলেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহমালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ।
সাতজন দায় স্বীকার করলেও একজনের নাম এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। দায় স্বীকারকারীদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ক্রিকেট বোর্ড।
অভিযোগ অস্বীকার করেছেন ৩ জন
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন তিনজন। তারা হলেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান।
তারা নিজেদের নির্দোষ দাবি করায় অভিযোগের নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে। শুনানি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ফিক্সিং তদন্ত চলছে আরও
বিপিএলের ফিক্সিং তদন্ত এখানেই শেষ হচ্ছে না। আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট। ফলে তদন্তের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন ব্যক্তিদের নাম সামনে আসার সম্ভাবনাও রয়েছে।
এত তদন্ত, নিষেধাজ্ঞা ও শাস্তিমূলক উদ্যোগের পরও দেশের ক্রিকেটে ফিক্সিং কতটা কমেছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট যেকোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে পারলেও অভিযুক্তদের নাম প্রকাশ এবং শাস্তি দেওয়ার চূড়ান্ত এখতিয়ার রয়েছে ক্রিকেট বোর্ডের হাতে। ফলে ফিক্সিংয়ের অভিযোগে চলমান তদন্তের পর বিসিবি কী ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর ক্রিকেটাঙ্গনের।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!