সারাদেশ

মাদারগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমরান মাজহারী ওরফে রাজু হুজুর (৩০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। রবিবার রাত নয়টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু হুজুর ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি পশ্চিম সুখনগরী সিরাজ তালুকদার জামে মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ জমিতে বাবার সঙ্গে সেচ দিতে যান রাজু। এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!