সারাদেশ

মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা 

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইসমত আরা (২৫) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শ্বশুরবাড়ির পক্ষ থেকে আত্মহত্যার দাবি করা হলেও নিহতের পরিবার একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করছেন।
বুধবার সাড়ে ১১টার দিকে গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পশ্চিমপাড়া এলাকায় নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইসমত আরাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বিকেলে শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠায়।
নিহত ইসমত আরা ওই এলাকার নুর ইসলামের স্ত্রী এবং মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী নামাপাড়া এলাকার ইউনুস আলীর মেয়ে। এ ঘটনা পর স্বামী নুর ইসলাম পলাতক রয়েছেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত-আট বছর আগে পারিবারিকভাবে নুর ইসলামের সঙ্গে ইসমত আরার বিয়ে হয়। বছরখানেক সুখে সংসার কাটার পর এই দম্পতির কোলজুড়ে ফুটফুটে একটি মেয়ে সন্তান আসে। পরবর্তীতে নুর ইসলাম প্রবাসে যান এবং কিছুদিন মধ্যেই দেশে ফিরে আসেন। এরপর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। ইসমত আরা বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নিহতের বাবা ইউনুস আলী অভিযোগ করে বলেন, তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেজাবীন রশিদ তিন্নী জানান, গৃহবধূর গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ফাঁসিতে ঝুলে মারা গেছেন অথবা তাকে ঝুলিয়ে হত্যার চেষ্টা করা হয়ে থাকতে পারে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশকে জানানো হলে শ্বশুরবাড়ির লোকজন মরদেহ নিয়ে যায় বলেও জানান তিনি।
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ পাঠানো হলে জানা যায় মরদেহ শশুরবাড়ির লোকজন নিয়ে গেছে। পরে শশুর বাড়িতে থেকে ইসমত আরার মরদেহ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গৃহবধূ ইসমত আরা আত্মহত্যা করেছে। এটার পিছনে অন্য কোনো কারণ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!