জাতীয়প্রধান খবর

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তাকে প্রত্যর্পণ করতেই হবে। বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত কোনো শর্ত দেবে বলে তিনি বিশ্বাস করেন না। এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো শর্ত নিয়ে আলোচনা হয়নি। ভারত থেকে কোনো চাপও অনুভব করছে না বাংলাদেশ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্যঅধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের অবস্থান বটম লাইন হচ্ছে, তাকে প্রত্যর্পণ করতে হবে। এটা আমি গত ব্রিফিংয়ে বলেছি, আমাদের অন্য মন্ত্রীরাও বলেছেন। ভারতের একটি সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সামরিকভাবে তাকে পাঠানো এবং নতুন করে বিচার বা আপিলের সুযোগ দেওয়া। এ বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, কোনো পত্রিকার প্রতিবেদনকে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। তিনি বলেন, একটি রাষ্ট্র বা সরকার আনুষ্ঠানিকভাবে অন্য রাষ্ট্রের কাছ থেকে কোনো বক্তব্য না পেলে সেটির জবাব দেওয়ারও কোনো কারণ নেই। পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সমন্বয়ক এ বিষয়ে কথা বলেছেন। সরকারের মধ্যে এ ধরনের কোনো আলোচনা নেই। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ কোনো চাপ অনুভব করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একেবারেই না, একেবারেই না। জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের বাস্তবতায় পরিবর্তন এসেছে। বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। দেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সব দেশের সঙ্গে নিজেদের প্রয়োজনের নিরিখে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার। তবে অন্যায় চাপ দিয়ে কোনো কিছু করানো যাবে না। বাংলাদেশ আলোচনা করতে চায়, কথা বলতে চায়। কিন্তু যেখানে আইনগতভাবে সঠিক অবস্থানে রয়েছে, সেখানে চাপ বা শর্ত মেনে নেওয়া হবে না। শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদনে দুই দেশের চুক্তি অনুসরণ করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করার সময় নিশ্চয়ই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসরণ করেছে। প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন ধারা, প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত তথ্য এবং মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব বিষয় রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হবে। তবে শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে। তিনি বলেন, বাংলাদেশের আইনে এ অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আইনমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা আপিলের সুযোগও পাবেন না। এটি তার বাবার তৈরি করা আইন। সরকার সেই আইনই অনুসরণ করছে। শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সেটি ভিন্ন সম্ভাবনার বিষয় হিসেবে আগে উল্লেখ করা হয়েছিল বলে জানান জাহেদ উর রহমান। তবে গত সপ্তাহে সরকারের অবস্থান বিস্তারিত ও স্পষ্টভাবে জানানো হয়েছে। এ বিষয়ে সরকারের বক্তব্যে কোনো অসংগতি নেই বলেও দাবি করেন তিনি।
গোপালগঞ্জের সহিংসতায় আওয়ামী লীগের সম্পৃক্ততা: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা ও দলটির নেতাকর্মীদের আত্মগোপনে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ কোনো ন্যায্য আন্দোলনের সুযোগ পেলে সেখানে নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনটি ন্যায্য ছিল উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকেরা নিজেদের কষ্টের কথা জানাতে মাঠে নেমেছিলেন। কিন্তু সেই আন্দোলনেও আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা যেখানেই ঘটুক, সরকারকে তা সামাল দিতে হয়। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিভিন্ন জায়গায় চিহ্নিত হয়েছেন, তাঁদের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নজরদারি রয়েছে। সাঈদ খোকন কিংবা প্রজাতন্ত্রের কর্মচারীদের পোশাকে থাকা আওয়ামী লীগের সদস্যদের বিষয়েও সরকার অবগত। জাহেদ উর রহমান বলেন, আমি আপনাকে নিশ্চিত করি, আমরা দ্রুত এই জিনিসগুলো ম্যানেজ করতে পারব। এটা সরকারেরই অনেক বড় মাথাব্যথা। সরকার এটা করবে, নিশ্চিত।
বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কা-নেপালের মতো নয়: দীর্ঘমেয়াদি স্বৈরশাসনের পর গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হওয়া দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি তুলনা করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। কারণ, ওই দুই দেশে গণ-অভ্যুত্থানে সরকারের পতন হলেও সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়নি। বাংলাদেশের পরিস্থিতি তিউনিসিয়া, মিসর, লিবিয়া ও ইয়েমেনের সঙ্গে তুলনা করা যেতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, ওই দেশগুলোর তুলনায় ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। তবে দেশের ভঙ্গুরতা এখনো কাটেনি। পূর্ণাঙ্গভাবে কাজ করার মতো অবস্থায় যেতে আরও কিছুটা সময় প্রয়োজন।
আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আতঙ্কের প্রচারণা: আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণা ও গুজব সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করছে বলে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে ১৯ তারিখ যানবাহন চলাচল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার মতো নানা তথ্য ছড়ানোর বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে জাহেদ উর রহমান বলেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের আলোচনা এখন খুব বেশি দেখা যাচ্ছে না। তবে মূলধারার গণমাধ্যমের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমের কাছাকাছি ধরনের আচরণ করছেন। এ বিষয়ে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আবারও বলবেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা হিসেবে বিষয়টি পর্যবেক্ষণে রাখবেন বলেও উল্লেখ করেন।
সরকারি কর্মকর্তাদের ওপরও নজরদারি: সরকারি কর্মকর্তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিষয়ে নজরদারি করছে সরকার। তবে কীভাবে তাদের ওপর নজর রাখা হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয় বলে জানন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নজরদারির পদ্ধতি প্রকাশ করা সম্ভব নয়। এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত। সরকারের নিজস্ব ব্যবস্থা ও সক্ষমতা রয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে সরকার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগ বহু বছর ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ে অনেক মানুষের সঙ্গে দলটির রাজনৈতিক সম্পৃক্ততা বা ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। অতীতে কারও সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতা থাকাটা সমস্যা নয়। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করার সময় কেউ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত থাকলে তা গুরুতর বিষয়।
পুলিশ-প্রশাসনের কর্মকর্তাদের বদলি: গোপালগঞ্জের সহিংসতার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, কোনো কর্মকর্তাকে প্রত্যাহার করার অর্থ এই নয় যে তিনি ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন। তবে দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যর্থতা থাকলে তা স্বীকার করে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। তবে পুলিশকে যতটা সম্ভব কম বলপ্রয়োগ করে এবং কম হতাহতের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হবে। জাহেদ উর রহমানের ভাষ্য, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ। পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে। এমনকি সরকারের সমালোচকেরাও এ ক্ষেত্রে প্রশংসা করছেন বলে তিনি উল্লেখ করেন।
গঙ্গা চুক্তি নিয়ে নতুন তথ্য নেই: প্রেস ব্রিফিংয়ে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির পরবর্তী অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ কী চায় এবং কীভাবে চায়, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো সম্ভাবনা নেই। গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই। তিনি আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসলে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে। গঙ্গা চুক্তির বিষয়ে বাংলাদেশের অবস্থানও যথাসময়ে জানানো হবে। অশ্লীলতা, জুয়া-মাদক থাকলে যাত্রা-সার্কাসের অনুমতি নয়: জাহেদ উর রহমান জানান, যাত্রা ও সার্কাসের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন পুনরুজ্জীবিত করতে চায় সরকার। তবে এসব আয়োজনের নামে অশ্লীলতা, জুয়া, মাদক কিংবা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ড চললে সংশ্লিষ্ট দলকে ভবিষ্যতে আর অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে তাদের নিষিদ্ধও করা হবে। যাত্রা ও সার্কাসের নামে অশ্লীল নৃত্য, জুয়া ও হাউজির মতো আয়োজনের অভিযোগ এবং এসব সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রা ও সার্কাস পুনরুজ্জীবিত করতে গিয়ে সরকারকে দুটি বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। এর একটি হলো, এসব আয়োজনের সঙ্গে এক ধরনের অশ্লীলতা জড়িয়ে পড়েছে। অন্যদিকে এর সঙ্গে জুয়া ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড যুক্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের আইনে জুয়া নিষিদ্ধ। অনলাইনসহ যেকোনো জায়গায় জুয়া খেলাই অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ড। যাত্রা ও সার্কাসের সঙ্গে এ ধরনের বিষয় যুক্ত হলে তরুণদের বিপথে যাওয়ার আশঙ্কা আরও বাড়বে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যাত্রা ও সার্কাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সরকার একাধিক বৈঠক করেছে। এসব বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের স্পষ্টভাবে জানানো হয়েছে, সুস্থ ও শালীনভাবে যাত্রা-সার্কাস পরিচালনা করা গেলেই কেবল এসব আয়োজনের অনুমতি দেওয়া হবে। অশ্লীলতা ও অবৈধ কর্মকাণ্ড বাদ দিয়ে এসব আয়োজন করে লাভ করা সম্ভব কি না, তা-ও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অনৈতিক কর্মকাণ্ড ছাড়াও যাত্রা ও সার্কাস পরিচালনা করে লাভ করা সম্ভব। জাহেদ উর রহমান আরও বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা পাঠানো হয়েছে। কোনো যাত্রা বা সার্কাসের আয়োজনে নির্দেশনা লঙ্ঘন করে অশ্লীলতা, মাদক কিংবা জুয়ার মতো অবৈধ কর্মকাণ্ড পাওয়া গেলে সংশ্লিষ্ট দলকে ভবিষ্যতে আর বিবেচনা করা হবে না। প্রয়োজনে তাদের নিষিদ্ধ করা হবে। তৌহিদী জনতার নামে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রকৃত তৌহিদী জনতা এ ধরনের হাঙ্গামা বা বাধা সৃষ্টির কাজে জড়িত হতে পারে না। কারও কোনো বক্তব্য বা আপত্তি থাকতে পারে। তবে যেখানে অন্যায় কিছু ঘটছে না এবং সরকারও কোনো অন্যায় দেখছে না, সেখানে আয়োজন বন্ধ করতে দেওয়া হবে না। তিনি বলেন, যাত্রা ও সার্কাস বাংলাদেশের সংস্কৃতির অংশ। তাই এসব আয়োজন চালু রাখতে সরকার উদ্যোগ নেবে। বিভিন্ন নাম ব্যবহার করে যারা এসব আয়োজনে বাধা দিতে আসবে, সরকার তাদের প্রতিহত করবে। তৌহিদী জনতার পরিচয় ব্যবহার করে যারা সাংস্কৃতিক আয়োজনে বাধা দিচ্ছেন, তাদের সঙ্গেও যোগাযোগ ও আলোচনার চেষ্টা করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তবে সুস্থ ধারার যাত্রা ও সার্কাসের আয়োজন অব্যাহত থাকবে।
ব্যক্তিগত সমাবেশে বাধা নেই, আ.লীগের দলীয় ব্যানারে কর্মসূচি নিষিদ্ধ: তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির সাবেক বা বর্তমান নেতাকর্মীদের ব্যক্তিগতভাবে সভা-সমাবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে অন্য কোনো ব্যানারে বা আয়োজনে সভা-সমাবেশ করতে পারবেন। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন হবে। এমন কর্মসূচি হলে ব্যবস্থা নেওয়া হবে। লন্ডন থেকে দেশে ফিরে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের নিজ নির্বাচনী এলাকায় সভা করার প্রসঙ্গ তুলে সাংবাদিকেরা জানতে চান, দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তিনি কীভাবে সভা করলেন। জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। তবে এর আগপর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ফলে আওয়ামী লীগের ব্যানারে কোনো সভা, মিছিল বা দলীয় কর্মসূচি পালন করার সুযোগ নেই। তবে আওয়ামী লীগের সঙ্গে অতীতে যুক্ত ছিলেন এমন প্রত্যেক ব্যক্তির সভা-সমাবেশ করার অধিকার বন্ধ হয়ে যায়নি বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে অথবা জামিনে থাকলে অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করতে পারবেন না, বিষয়টি এমন নয়। ওই সাবেক সংসদ সদস্যের সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল ব্যবহারের বিষয়টি সাংবাদিকেরা তুলে ধরলে উপদেষ্টা বলেন, এমনটি হয়ে থাকলে তা অবশ্যই আইন লঙ্ঘন হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মামলা থাকলেই বিদেশযাত্রায় বাধা নয়: ওই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা থাকলে লন্ডন থেকে দেশে আসা কিংবা আবার বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা রয়েছে কি না, এমন প্রশ্নও করেন সাংবাদিকেরা। জবাবে জাহেদ উর রহমান বলেন, শুধু মামলা থাকলেই একজন ব্যক্তির বিদেশ থেকে আসা-যাওয়ায় বাধা তৈরি হয় না। ওই ব্যক্তি ফেরারি কি না, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না কিংবা পরোয়ানা থাকার পরও তিনি তা অনুসরণ করেননি কি না, সেটি দেখতে হবে। ওই সংসদ সদস্যের ক্ষেত্রে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিষয়গুলো নিশ্চিতভাবে যাচাই করা হচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!