প্রধান খবররাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেওয়া হলে গ্রাম-বাংলার মানুষকে নিয়ে ঢাকায় যাওয়ারও আহ্বান জানান তিনি। গতকাল শনিবার বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবিতে আয়োজিত লংমার্চের সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, আমাদের দাবিগুলো কোনো দলীয় বা নির্বাচনী দাবি নয়, বরং দেশের প্রত্যেক নাগরিকের দাবি। জুলাই গণহত্যাসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি বন্ধ, অর্থ পাচার রোধ এবং কৃষকের সার নিশ্চিত করার দাবিতে আমরা মাঠে নেমেছি। সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন গণভোটের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। কার্ড বিতরণের প্রচার করা হলেও সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে গ্যাস ও বিদ্যুতের বিলের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ তৈরির অভিযোগ করেন। কৃষকের সার সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, নিয়োগ ও বিভিন্ন ক্ষেত্রে ঘুষ-বাণিজ্যের অভিযোগে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এসব অনিয়ম বন্ধ করে কৃষকের অধিকার নিশ্চিত করতে হবে। বিরোধীদলীয় নেতা বলেন, ১১ দলের বিজয় নয়, তারা চান দেশের প্রতিটি নাগরিকের বিজয় ও মুক্তি। শোষণমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। জাতির সঙ্গে বেইমানি না করার অঙ্গীকার করে তিনি বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, কোনো আপসও করবেন না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন খুলনা মহানগরীর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মাহফুজুর রহমান। পরিচালনা করেন মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কারী হাবিবুল্লাহ বেলালী। সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ সকালে ঢাকা থেকে শুরু হয়। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে এই লংমার্চে অংশ নেয় হাজারেরও বেশি যানবাহন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!