রাজনীতি

গণভোট-জুলাই সনদে বিরোধী দলের নোটিশ, ৭১ বিধি শেষে আলোচনার আশ্বাস

জাতীয় সংসদে ‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ নিয়ে আলোচনার দাবিতে নোটিশ দিয়েছে বিরোধী দল। তবে কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী নির্ধারিত অন্যান্য কার্যক্রম শেষ হওয়ার পর এ নোটিশের ওপর আলোচনা হবে বলে আশ্বাস দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গতকাল রোববার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন। অধিবেশনের শুরুতে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সংসদের কার্যক্রমে তা প্রতিফলিত হয়নি। তাই অন্যান্য দৈনন্দিন কার্যক্রমের আগে বিরোধীদলীয় নেতার নোটিশের ওপর আলোচনা করার দাবি জানানো হয়। সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জবাবে বলেন, সংসদ সদস্যদের অধিকার নিশ্চিত করতে প্রশ্নোত্তর পর্ব এবং ৭১ বিধিতে নির্ধারিত সময় রয়েছে। এ সময় শেষ হলে নোটিশের ওপর আলোচনা করা যাবে। শুরুতেই ৭১ বিধি স্থগিত করলে সাধারণ সংসদ সদস্যদের অধিকার ক্ষুণ্ণ হবে। তবে বিরোধীদলীয় নেতা জানান, ৬৪ বিধি অনুযায়ী ৭১ বিধির আগে নোটিশ উত্থাপন সম্ভব এবং সে অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে। শেষে ডেপুটি স্পিকার স্মরণ করিয়ে দেন, ৭১ বিধি শেষ হওয়ার পর নোটিশটি আমলে নেওয়া হবে। এরপর তিনি সংসদে ৭১ বিধির কার্যক্রম শুরু করেন। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানান, জরুরি জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করলে তা সাংবিধানিক নিয়মের মধ্যে রাখা হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!