
খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালিজুড়ী বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুর বাড়ি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পৌর যুবদলের আহবায়ক তারিকুল ইসলাম রুনু, যুবদল নেতা রফিকুল ইসলাম, মিজান মোল্লা প্রমুখ। এ সময় উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার বলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসের নির্দেশে এ কর্মসূচি পালন করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। কোনো ধরনের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থাকবে।




