সারাদেশ

বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে যুবকের ছয় মাসের কারাদণ্ড

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের অপরাধে সাজু মিয়া নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে পৌর শহরের উত্তর বাজার জেলখানা রোড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া(৩৫) বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও গ্রামের আশরাফ আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গোঁয়ালগাো এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের প্রশংসা করে বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের ধারাবাহিক অভিযান তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!