সারাদেশ
মাদারগঞ্জে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম গোলাম কিবরিয়া, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রইচ উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক উত্তম কুমার প্রমুখ।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা এম.ই সরোয়ার লিমন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা গোলাম সরোয়ার, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, বালিজুড়ী রওশন আরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম গণহত্যা চালায়। সেই ভয়াল রাতের স্মৃতিকে ধারণ করেই আমরা গণহত্যা দিবস পালন করি এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের স্বাধীনতার সূচনালগ্নের স্মারক। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।
তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।




