জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরন করতে গিয়ে ৩ জন আটক, ভ্রাম্যমান আদালতে অর্থসহ ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরন করতে গিয়ে নগদ টাকাসহ তার ৩ কর্মী জনতার হাতে আটক হয়েছে। পরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক আরিফ হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত তিনজনের প্রত্যেককে ৫ টাকা জরিমান এবং ১ মাস করে বিনাশ্রম করাদন্ড দিয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, জামালপুরের মেলান্দহ উপজেলার চর সগুনা এলাকার হারুনউর রশিদের ছেলে মেহেদী হাসান(২৫), ছবিলাপুর এলাকার মো: জালাল উদ্দিন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম(৫২) এবং একই এলাকার আব্দুল আজিজ মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (৬৫)।
বুধবার বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভ এর পক্ষে টাকা বিতরন করে তার কর্মী মেহেদী হাসান, জহুরুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম। ওই এলাকা থেকে টাকা বিতরন করে ফেরার পথে আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় আসলে খবর পেয়ে ৯৪ হাজার ৫শ’ টাকাসহ তাদের আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়। এ সময় জামালপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক আরিফ হোসেন তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত তিনজনের স্বীকারোক্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমান এবং ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। এ সময় মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফিজুর রহমান ভুইঞা উপস্থিত ছিলেন।




