সারাদেশপ্রধান খবর

রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের আরেক যুবকের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জীবিকার আশায় রাশিয়ায় গিয়ে ১৭ দিন ধরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আরও এক যুবক নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে কেন্দ্র করে ড্রোন হামলায় তার নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ যুবক মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের রায়েরছড়া গ্রামের তারা মিয়ার ছেলে আরিফ হোসাইন (২৭)।
পারিবারিক সূত্র জানায়, গত ৭ মে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান আরিফ। আরিফকে স্থানীয় এক দালালের মাধ্যমে সেখানে পাঠানো হয়। তাকে ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর প্রতারণার মাধ্যমে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে পরিবারের সদস্যদের কাছে অভিযোগ করেন তিনি।
স্বজনদের দাবি, অর্থের বিনিময়ে দালাল চক্র তাদের রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।
পরিবারের সদস্যরা জানান, সর্বশেষ গত ২৯ মে তার সঙ্গে কথা হয়। এরপর থেকে আরিফের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার মাধ্যমে তারা জানতে পারেন, ড্রোন হামলায় ওই যুবক নিহত হয়েছেন।
আরিফের বাবা তারা মিয়া বলেন, ইলেকট্রিশিয়ানের কাজ করানোর কথা বলে আরিফকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় দালাল আমিনুর ইসলাম সুজার মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে তাকে পাঠানো হয়েছিল। গত ২৯ মে থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরিফের চাচাতো ভাই আনন্দ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি, আরিফ রাশিয়ায় ড্রোন হামলায় নিহত হয়েছে। গত ২৯ মে থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ঋণ করে আরিফকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু দালালরা প্রতারণা করেছে। কাজের কথা বলে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তি চাই।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেনেছি। দূতাবাসের মাধ্যমে না গিয়ে স্থানীয় দালাল চক্রের মাধ্যমে বিদেশে যাওয়া মোটেও ঠিক হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। তবে ভুক্তভোগী পরিবার লিখিত আবেদন করলে প্রয়োজনীয় পরামর্শ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!