বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাদারগঞ্জে আলোচনা সভা

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও-এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুস্মিতা দত্ত, পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক এস. এম. সোহেল রানা, আদারভিটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শকা সুমাইয়া, সিধুলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী খালেদা বেগম প্রমুখ।
এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গণ্যমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্যের সুরক্ষা এবং জনসংখ্যা ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধি জরুরি। টেকসই উন্নয়ন অর্জনে পরিবার পরিকল্পনা সেবার সম্প্রসারণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।




