ফিফা ওয়াল্ড কাপ ২০২৬

মেসিকে ঘিরে বিতর্ক

আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

এফএনএস স্পোর্টস: বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর এবার রেফারিং নিয়েই আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে আলজেরিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘জে’ গ্রুপের ম্যাচে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ফিফার রেফারিং কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে উত্তর আফ্রিকার দেশটি। ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩,০ গোলে হারে আলজেরিয়া। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে প্রথমার্ধের একটি ঘটনা নিয়ে। আলজেরিয়ার অভিযোগ, অধিনায়ক আইসা মান্দিকে পেছন থেকে বিপজ্জনকভাবে ফাউল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ান সমর্থকেরা তখন লাল কার্ডের দাবি তুললেও পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি। পরে ম্যাচে মেসি হ্যাটট্রিক করে দলের জয় নিশ্চিত করেন। রয়টার্স বলছে, আলজেরিয়ার অভিযোগ শুধু ওই ঘটনাতেই সীমাবদ্ধ নয়। তাদের দাবি, দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কনুই দিয়ে ইব্রাহিম মাজার মুখে আঘাত করলেও সেটিও উপেক্ষা করেন ম্যাচ রেফারি। এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ভিএআর দলও কোনো হস্তক্ষেপ করেনি। আলজেরিয়ার চিঠিতে রেফারি মার্চিনিয়াক এবং ভিএআর কর্মকর্তাদের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২২ বিশ্বকাপের আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল পরিচালনা করেছিলেন এই অভিজ্ঞ পোলিশ রেফারি। আলজেরিয়ার দাবি, গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনায় সঠিক সিদ্ধান্ত না আসায় ম্যাচের ন্যায্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেসিকে ঘিরে ওই ঘটনাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেক সমর্থকের প্রশ্ন, বিশ^ ফুটবলের অন্যতম বড় তারকা হওয়ায় কি তিনি শাস্তি এড়িয়ে গেছেন? যদিও এ নিয়ে ফিফার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রোস। নিজের দলের মিডফিল্ডার থেম্বা জোয়ানের তিন ম্যাচের নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি বলছি না মেসির লাল কার্ড পাওয়া উচিত ছিল। কিন্তু একই ধরনের ঘটনায় একজন খেলোয়াড় কঠোর শাস্তি পাবে আর অন্যজন কোনো শাস্তিই পাবে না, এই পার্থক্য প্রশ্ন তৈরি করে।”
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়ার আনুষ্ঠানিক অভিযোগের পর ম্যাচের রেফারিং এবং ভিএআর ব্যবহারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এখন দেখার বিষয়, ফিফা এই অভিযোগের পর কোনো তদন্ত বা আনুষ্ঠানিক পদক্ষেপ নেয় কি না।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!