ফিফা ওয়াল্ড কাপ ২০২৬

বড় জরিমানার হাত থেকে রক্ষা পেলেন ইয়ামাল

ইনজুরির কারণে মাঝে প্রায় দুই মাসের মতো মাঠের বাইরে ছিলেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। সম্প্রতি তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে ফেরেন বিশ^কাপে জাতীয় দলের প্রথম ম্যাচে। সেই ম্যাচে স্পেন গোলশূন্য ড্র করে টুর্নামেন্টের নবাগত দল কেপ ভার্দের সঙ্গে। এরপর একদিনের বিশ্রাম পেয়ে ইয়ামাল বড় জরিমানা গুনতে যাচ্ছিলেন। কেপ ভার্দে ম্যাচের পরদিন শিষ্যদের বিশ্রাম দেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফলে ইয়ামাল-পেদ্রিরা বিশ^কাপের প্রস্তুতির বাইরে দিনটি উপভোগের সুযোগ পান। তবে এই অবকাশই প্রায় জরিমানায় পরিণত হচ্ছিল তরুণ এই ফরোয়ার্ডের জন্য। হোটেলে ফিরতে আর ৫ মিনিট দেরি হলেই তাকে ২ হাজার ইউরো (প্রায় ৩ লাখ টাকা) জরিমানা করা হতো। স্পেন ফুটবল দলের বেশিরভাগ খেলোয়াড় যেখানে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের চাটানুগায় অবস্থিত দলের হোটেলের আশপাশে শপিং সেন্টার ও আউটলেট ঘুরে সময় কাটিয়েছেন, সেখানে ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ইয়ামাল তার মা, প্রেমিকা এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে প্রায় ২০০ কিলোমিটার দূরের শহর ন্যাশভিলে ভ্রমণে যান। ভ্রমণের সময় ইয়ামাল একটি স্থানীয় রেস্তোরাঁয় পারস্য খাবার উপভোগ করেন। তবে ফেরার পথেই বাধে বিপত্তি। হোটেলে ফিরে আসতে তার প্রায় দুই ঘণ্টা সময় লাগে এবং তিনি নির্ধারিত সময়সীমার মাত্র পাঁচ মিনিট আগে হোটেলে পৌঁছান। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ডায়ারিও স্পোর্ত’-এর তথ্যমতে, স্থানীয় সময় রাত ৯টায় ডিনারের নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে স্পেন জাতীয় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিধি অনুযায়ী ইয়ামালকে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করা হতো।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!