জামালপুরে ডাব চুরি করতে এসে তিন ঘণ্টা গাছে আটকা কিশোর!

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে ডাব চুরি করতে নারিকেল গাছে উঠে ধরা পড়ে গাছের ওপরেই আটকে যায় এক কিশোর। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিরাপদে নিচে নেমে আসে ওই কিশোর। বৃহস্পতিবার রাতে শহরের টিক্কাপট্টি এলাকায় জিন্নাত মুক্তারের বাড়ির আঙিনায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জামালপুর শহরের জিন্নাত মুক্তারের বাড়ির আঙ্গিনা ফাঁকা পেয়ে পার্শ্ববর্তী শেরপুর জেলার কুলুরচর বেপারীপাড়া এলাকার সোহেল মিয়ার ছেলে মমতাজ(১৪) ডাব চুরি করতে নারিকেল গাছে উঠে। এ সময় শব্দ পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। লোকজনের উপস্থিতি টের পেয়ে ভয়ে নাড়িকেল গাছের ওপরেই বসে থাকে কিশোরটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় ওই কিশোরকে নিরাপদে নিচে নামিয়ে আনতে চেষ্টা করা হয়, কিন্তু ভীত কিশোর কোনভাবেই গাছ থেকে নামছিলোনা। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে স্বজন ও স্থানীয়রা তাকে আশ্বস্ত করলে ধীরে ধীরে গাছ থেকে নিচে নেমে আসে কিশোর মমতাজ। পরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই তাকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, চুরি করতে এসে চোর গাছে আটকা পড়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, ভয়ে ছেলেটি প্রথমে নামছিলোনা, পরে সবার সম্বিলিত চেষ্টায় ছেলেটাকে গাছ থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




