ময়মনসিংহে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর গন্তব্যে ছাড়লো ট্রেন

ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। বিকলের আড়াই ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। এ ঘটনায় ট্রেনটিতে ভ্রমণ করা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। গতকাল শনিবারবেলা ১১টার দিকে উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশন থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যায় ট্রেনটি। এর আগে সকাল সোয়া ৮টার দিকে মশাখালী রেলওয়ে স্টেশন এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সোয়া ৮টার দিকে মশাখালী রেলওয়ে স্টেশন এলাকা পর্যন্ত আসতেই ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। এমতাবস্থায় রেলওয়ের কর্মীরা চেষ্টা করেও ইঞ্জিনের ত্রুটি সাড়াতে পারেনি। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন নিয়ে আসলে বেলা ১১টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যায়। মো. আকতার হোসেন আরও বলেন, ইঞ্জিন বিকলের ঘটনায় রেলওয়ে স্টেশনটির একটি লাইন ব্লক হয়ে গেলেও বিকল্প লাইন দিয়ে ঢাকা -ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে ইঞ্জিন বিকলের আড়াই ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে ট্রেনটি যাত্রা করায় ট্রেনটিতে ভ্রমণ করা যাত্রীরা ভোগান্তিতে পড়েছিল।




