বিশ্বকাপের মাঝেই দ. আফ্রিকান ফুটবলারের মৃত্যু

বিশ্বকাপ খেলেই দেশে ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেডেন অ্যাডামস। কিন্তু এটাই যে তার জীবনের শেষ ফেরা হবে, হয়তো নিজেও কখনো ভাবেননি। কেপটাউনের একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এই ফুটবলারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। দক্ষিণ আফ্রিকা ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন অ্যাডামসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় এখন পর্যন্ত মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন অ্যাডামস। এর মধ্যে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র এবং মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে খেলেন অ্যাডামস। এরপর ২৮ জুন কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তিনি বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। ওই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। এর আগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের মাত্র এক দিন আগে তার দাদি মারা যান। ব্যক্তিগত সেই শোককে পাশ কাটিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। তবে মা এবং ছেলের আকস্মিক মৃত্যুতে শোকে বিহ্বল অ্যাডামসের বাবা হুয়ানিতো অ্যাডামস। তিনি বলেন, ‘আমাদের পরিবারের জন্য এই শোক মেনে নেওয়া খুব কঠিন। অনেকে বলেন সময় সব ঠিক করে দেয়, কিন্তু আসলে মানুষ শুধু এই কষ্ট নিয়েই বাঁচতে শিখে।’ তিনি আরও বলেন, ‘জেডেনের মৃত্যুর খবরে বিশে^র নানা প্রান্ত থেকে মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছে। তার ফুটবল আর তাকে মানুষ কতটা ভালোবাসত, সেটিই এখন আমরা দেখতে পাচ্ছি।’ অ্যাডামসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।




