সারাদেশ

মাদারীপুরে চলন্ত বাসে আগুন, লাফিয়ে নামতে গিয়ে যাত্রীর মৃত্যু

মাদারীপুরের ডাসার উপজেলায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর মেলকাই এলাকায় গত রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গাড়ি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় একজন যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। এদিকে আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ায় সেটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করে। মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি, গাড়িতে আগুন লাগার পর যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন। গাড়ি থামানোর আগেই অনেকে লাফিয়ে নামতে গেলে একজন চাকার নিচে পড়ে যান। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি। কিন্তু ততক্ষণে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!