রাজনীতিসারাদেশ

ঠাকুরগাঁওয়ে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৭, আ. লীগ ৫ পদে জয়ী

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে সভাপতিসহ সাত পদে ও আওয়ামীপন্থি স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা সাধারণ সম্পাদকসহ পাঁচ পদে জয়লাভ করেছেন। বিএনপি প্যানেল থেকে সভাপতি পদে ইউসুফ আলী ও আওয়ামীপন্থি স্বতন্ত্র প্যানেলের শেখ ফরিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শুরু হয়। গভীর রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সারওয়ার হোসেন। এই নির্বাচনে ১২টি পদে তিনটি পৃথক প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিএনপিসমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে সভাপতি পদে ইউসুফ আলী ছাড়াও পাঠাগার সম্পাদক পদে আব্দুল মান্নান, অর্থ সম্পাদক কামাল হোসেন (সুলতান), সদস্য পদে রফিজুদ্দিন, নাজমা ইসলাম, আহসান হাবিব ও আনোয়ারুল হক নির্বাচিত হয়েছেন। অপরদিকে আওয়ামীপন্থি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক শেখ ফরিদ ছাড়াও নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি জিতেন চন্দ্র পল, সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রধান, কমন রুম ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার ইবনে মোস্তফা। কোনও পদে নির্বাচিত না হলেও জামায়াতপন্থি ‘বাংলাদেশ ল’য়ারস কাউন্সিল প্যানেলের প্রার্থীরা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছেন। অতীত নির্বাচনগুলোতে বিএনপি ও জামায়াত সবসময় একই প্যানেল থেকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছেন। তবে এবার এই দুই পক্ষ আলাদাভাবে নির্বাচনে অংশ নিয়েছে। সেটাই বিএনপি প্যানেলের আরও বেশি ভালো ফল না করা এবং আওয়ামীপন্থি প্যানেলের ধারণাতীত ভালো ফলাফলের কারণ বলে মনে করছেন আইনজীবীরা!

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!