সারাদেশ

একদিনেই ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে দেশব্যাপী সমন্বিত অভিযানে নেমেছে র‌্যাব। একদিনেই ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মজুত জব্দ ও লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে মোট এক লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্তের পর জব্দ করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে মোট তিন লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শুক্রবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান। তিনি জানান, ফেনীর ইসলাম রোড এলাকায় একটি তেলের গুদামে অবৈধ মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজধানীর পল্টন, শান্তিনগর, নয়াপল্টন ও পুরানা পল্টন এলাকায় বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের অতিরিক্ত মজুত ও বেশি দামে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। যশোরের কোতোয়ালি থানায় মেসার্স নওয়াব মিলে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রংপুরে দুটি প্রতিষ্ঠানকে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও অবৈধ মজুতের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ঢাকার সাভার, পল্লবী, শাহ আলী ও কক্সবাজারে অভিযান চালিয়ে বড় ধরনের অনিয়ম না পেলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। শ্যামপুরের জুরাইন বাজারে পৃথক অভিযানে এক হাজার ৭০৫ বস্তা চাল ও ৫০০ বস্তা আটা অবৈধভাবে মজুতের দায়ে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল মজুত রাখার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নরসিংদীতে নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ, রাজধানীর ডেমরা ও হবিগঞ্জ সদর এলাকায় পৃথক অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে অবৈধ উৎপাদন, মজুত, ভেজাল লেবেলিং এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। র‌্যাব জানায়, বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ দমনে নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!