সারাদেশ

জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

জামিনে কারামুক্ত হয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। গতকাল সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ থেকে তিনি মুক্তি পান। ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২-এর জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৫ এপ্রিল উচ্চ আদালত থেকে এই বাউলশিল্পীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে আনা হয়। ওইদিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!