সারাদেশ
মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় প্রীতি ফুটবল খেলা। উপজেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, উপজেলা বিএনপির সহসভাপতি ও বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর এবং মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস ও গুরুত্ব তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




