জামালপুরে কালোবাজারে পাচারকালে ১৫ টন সরকারি চাল আটক, খাদ্যগুদাম থেকে চাল বোঝাই এর কথা কর্মকর্তার অস্বীকার
দীর্ঘদিন ধরে নষ্ট সিংহজানী খাদ্য গুদামের সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে সরকারি চাল কালোবাজারে পাচারকালে ১৫ টন চাল বোঝাই ট্রাক জব্দ করেছে র্যাব-১৪। এ সময় ট্রাকের চালকেও আটক করা হয়েছে। বুধবার বিকালে জামালপুর-শেরপুর ব্রীজ এলাকা থেকে চাল বোঝাই ওই ট্রাকটি আটক করা হয়। চালক বললেন সিংহজানী খাদ্যগুদাম থেকে চাল বোঝাই করেছেন, খাদ্যগুদাম কর্মকর্তার অস্বীকার। দীর্ঘদিন ধরে নষ্ট সিংহজানী খাদ্যগুদামের সিসি ক্যামেরা।
জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর-শেরপুর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১৫ টন সরকারি চাল বোঝাই একটি ট্রাক আটক করা হয়। এ সময় ওই ট্রাকের চালক শামছুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদের পর চালক জানায় সরকারি চালগুলো জামালপুর শহরের সিংহজানী খাদ্য গুদাম থেকে বোঝাই করে শেরপুর জেলার রিমি অটো রাইস মিলসের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। পরে সিংহজানী খাদ্য গুদামের কর্মকর্তাদের জানানোর পর তাদের প্রতিনিধি এসেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে সরকারি চালগুলো কালোবাজারে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিলো। চাল বোঝাই ট্রাক ও চালককে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

আটক ট্রাক চালক শামছুল ইসলাম জানায়, খাদ্যগুদামের লোকজনই আমার ট্রাক ভাড়া করেছে শেরপুরের রিমি রাইস মিলে চাল নিয়ে যাওয়ার জন্য এবং তারাই আমাকে চাল নিয়ে যাওয়ার জন্য কাগজ দিয়েছে। তবে রিমি রাইস মিলে কে চাল নিবে তার নাম জানেনা বলে ট্রাক চালক জানায়।
এ ব্যাপারে সিংহজানী খাদ্য গুদামের এসএমও ইসরাত আহম্মেদ সিংহজানী খাদ্যগুদাম থেকে চাল বোঝাই করার বিষয়টি অস্বীকার করে বলেন, খাদ্যগুদাম থেকে চাল বের করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগে, কিন্তু চালক সেসব কাগজ দেখাতে পারেনি এবং কারো নামও বলতে পারেনি। ট্রাক চালক যে কাগজ দেখিয়েছে সেটি অনেক আগের এবং ফটোকপি। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, খাদ্যগুদাম থেকে চাল ট্রাকে বোঝাই করা হয়েছে কিনা সেটি আমাদের গুদামের সিসি ক্যামেরা দেখলেই বোঝা যাবে।
পরে জামালপুর সিংহজানী খাদ্যগুদামে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে গেলে সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা জানান দীর্ঘদিন থেকে খাদ্যগুদামের সিসি ক্যামেরা নষ্ট হয়ে আছে, তাই খাদ্যগুদামের ফুটেজ রেকর্ড হয়নি। খাদ্যগুদামের মতো গুরুত্বপূর্ণ অফিসের সিসি ক্যামেরা দীর্ঘদিন ধরে নষ্ট থাকার পরও কেন সেটি মেরামত করা হয়নি, তার সন্তোষজন জবাব দিতে পারেনি কর্মকর্তারা।




