বিনোদন

প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছিল মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’। তার মধ্যে ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জিতে নেয় ‘স্পেশাল মেনশন’ পুরস্কার। এছাড়া আরও একাধিক উৎসবে পুরস্কৃত হয়েছে ছবিটি। সেই সুবাদে দেশের অনেকেই অপেক্ষায় রয়েছেন, প্রেক্ষাগৃহে ছবিটি দেখার। এবার মিলল সে সুখবর। নির্মাতা জানালেন, আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাস্তুল’। এরই মধ্যে শুরু করলেন প্রচারণা। প্রকাশ করলেন ছবির অফিসিয়াল পোস্টার। যেটা ডিজাইন করেছেন ধ্রুব এষ। নির্মাতা জানান, এ বছরের শুরুতেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। সে লক্ষ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকেও গত বছরেই প্রদর্শনের অনুমতি নেওয়া হয়। তবে সঙ্গত কারণে আরো কিছুটা বিলম্ব করলেন। পোস্টার প্রকাশের সঙ্গে দর্শকের উদ্দেশ্যে নূরুজ্জামান বললেন, ‘নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীর থেকে শুরু হওয়া এই যাত্রা বিদেশের নানান প্রান্ত পেরিয়ে এবার এসে পৌঁছেছে দেশের প্রেক্ষাগৃহের দোরগোড়ায়। জাহাজ, নদী আর মানুষের চিরচেনা বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা এক অদেখা জগতের মুখোমুখি হবেন খুব শিগগিরই।’ ‘মাস্তুল’-এর গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানীবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার এক পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের ভেতর দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরে ভাসমান মানুষের জীবন, বিচ্ছিন্নতা, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন, সিফাত বন্যা প্রমুখ। ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় হুসনাইন লিঙ্কন, সংগীতে চৈতন্য রাজবংশী। প্রযোজনায় সিনেমাকার এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় যুক্ত রয়েছে টঙঘর টকিজ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!