রাজনীতিসারাদেশ

নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

নারীদের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও দলের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। গতকাল রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এই অভিযোগ করেন তিনি। ওই পোস্টে জামায়াতের আমির লেখেন, “আমাদের অবস্থান ভুলভাবে উপস্থাপন করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা এবং বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারিত হচ্ছে। আমাদের মূল্যবোধ স্পষ্ট করার জন্য এবং আমাদের নীতিমালা সম্পর্কে আলোচনা পুনরায় কেন্দ্রীভূত করার জন্য আমি এটি শেয়ার করছি।” তিনি আরও লেখেন, “আমাদের ইশতেহার প্রথম দিন থেকেই স্পষ্ট। আমরা চাই শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা এবং জনসেবায় নারীরা সক্রিয় এবং সম্মানজনক ভূমিকা পালন করুক। আমরা মেয়েদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির জন্য শূন্য সহনশীলতা, প্রতিটি জেলায় নারীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মক্ষেত্র, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।” পোস্টে জামায়াত আমির আরও লেখেন, “আমরা রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদাকে সমর্থন করি। এগুলো নতুন কোনও অবস্থান নয়। আমি কয়েক মাস আগে প্রকাশ্যে এই নীতিগুলো তুলে ধরেছিলাম এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ তা পুনর্ব্যক্ত করেছি। এগুলো কোনও গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। “আমার রেকর্ড, নীতি এবং আমার ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়। ৩ ফেব্রুয়ারি, আমি আনুষ্ঠানিকভাবে আমার ইশতেহার প্রকাশ করবো, যেখানে এই সমস্ত প্রতিশ্রুতি বিস্তারিত বর্ণনা করা হবে। আমাদের অঙ্গীকার বাস্তবসম্মত এবং পরিমাপযোগ্য।” এর আগে গত শনিবার বিকালে জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে নারীদের নিয়ে অবমাননা করা হয়। এরপরই পোস্ট নিয়ে শুরু হয় সমালোচনা। জামায়াত থেকে দাবি করা হচ্ছে, এক্সের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় গত শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। গত শনিবার বিকালে প্রকাশিত ওই পোস্টে লেখা ছিল, “আমরা বিশ^াস করি, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ।” সিরাজুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই আইডি উদ্ধারে তৎপর হয় জামায়াতের সাইবার টিম। বিকেল ৫টার কিছু পরে আইডি উদ্ধার করা সম্ভব হয়। পরে, পোস্টটি সরানো হয়। তবে, পোস্টটি নিয়ে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে।”

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!