জাতীয়সারাদেশ

অকৃতকার্যদের পাস দেখিয়ে রেলওয়েতে নিয়োগ, সাবেক ২ কর্মকর্তার কারাদণ্ড

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অযোগ্য প্রার্থীদের উত্তীর্ণ দেখানোর মামলায় সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের একজন সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, অন্যজন সাবেক এসডব্লিউও গোলাম কিবরিয়া। গত সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। রায়ে ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরিয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় গোলাম কিবরিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদকের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০০৯ ও ২০১০ সালে রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ৩৮ হাজার ৩১৭টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৪ হাজার ৪০২টি আবেদন গ্রহণ করা হয়। পরে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ১৩৯ জন। অভিযোগ অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করে লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ দেখানো হয়। পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে নম্বর কাটাকাটি, ঘষামাজা ও পরিবর্তনের মাধ্যমে কয়েকজন প্রার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছিল। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে আট নম্বর গ্রেস দিয়ে কয়েকজনকে পাস করানোর অভিযোগও রয়েছে। তদন্তে আরও উঠে আসে, নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ৩২টি জেলা থেকে ৭১ জন প্রার্থী কম নেওয়া হলেও ২০টি জেলা থেকে একই সংখ্যক প্রার্থী অতিরিক্ত নেওয়ার সুপারিশ করা হয়। এতিম ও প্রতিবন্ধী কোটায় ৩৬ জন নিয়োগের সুযোগ থাকলেও নিয়োগ দেওয়া হয় মাত্র পাঁচজনকে। মামলার অভিযোগে নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরিয়া, আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী এবং তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়মে জড়িত থাকার অভিযোগ আনা হয়। লিখিত পরীক্ষার ফল পরিবর্তন, জাল রেকর্ডপত্র তৈরি এবং অনিয়মের মাধ্যমে নিয়োগের সুপারিশ ও অনুমোদন দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬৬, ১৬৭, ২১৭, ৪৭৭(ক) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!