পুণ্যস্নানে শেষ হলো সুন্দরবনের দুবলার চরের রাস উৎসব

সাগরের জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সুন্দরবনের দুবলার চরের তিন দিনব্যাপী রাস পূর্ণিমা উৎসব। গতকাল মঙ্গলবার ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান করেন তীর্থযাত্রীরা। এর মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব। উৎসবে অংশ নিতে রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীরা দুবলার চরে সমবেত হন। বন বিভাগের তথ্য অনুযায়ী, রোববার দুপুর পর্যন্ত চাঁদপাই স্টেশন থেকে ২৯৪টি নৌযানে ৬ হাজার ২০৯ জন, ঢাংমারী স্টেশন থেকে ১১১টি নৌযানে ২ হাজার ৩৭১ জন এবং সুন্দরবন পশ্চিম বিভাগ থেকে আরও ১ হাজার ৫০০ জন তীর্থযাত্রী দুবলার চরে পৌঁছান। নির্ধারিত পাঁচটি নৌপথ দিয়ে বন বিভাগের অনুমতি নিয়ে তারা সেখানে যান। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, ২৪ নভেম্বর ভোরে পুণ্যস্নান শেষে তীর্থযাত্রীরা নির্ধারিত পথ দিয়ে বাড়ির উদ্দেশে ফিরতে শুরু করেন। এদিকে উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে হরিণ শিকার ও বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হয়। বনরক্ষীদের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেন। সুন্দরবনে রাস পূর্ণিমা উদ্যাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, প্রতি বছরের মতো এবারও দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান সফলভাবে সম্পন্ন হয়েছে। তিথি অনুযায়ী গত সোমবার দিবাগত রাতে অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা-অর্চনা, ভজন ও কীর্তন অনুষ্ঠিত হয়। পরে গতকাল মঙ্গলবার ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান শেষে তীর্থযাত্রীরা বাড়ির পথে রওনা হন। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, ১৯২৩ সালে সাধু হরিভজনের উদ্যোগে দুবলার চরে রাস পূর্ণিমা উপলক্ষে পূজা ও পুণ্যস্নানের প্রচলন শুরু হয়। সেই থেকে প্রতিবছর এ উৎসবে দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।




