সারাদেশ

জামালপুরে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আশিকুর রহমান মাহিম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুর উপজেলায় নবম শ্রেনীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানার রায় দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ভুক্তভোগী স্কুল ছাত্রী স্বেচ্ছায় দৈহিক সম্পর্কের কথা বলে জবানবন্দি দেয়ায় প্রধান আসামীকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার মো: আব্দুস সোবাহানের ছেলে মো: শিপন, একই এলাকার মো: সিদ্দিক মোল্লার ছেলে মো: ইব্রাহিম এবং মো: আরমান আলীর ছেলে মো: ইউসুফ আলী।

মামলা সূত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: ফজলুল হক জানান, জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামের জনৈক নবম শ্রেণীর এক শিক্ষার্থীর সাথে প্রতিবেশী মো: সাদিকের প্রেমের সম্পর্ক ছিলো। ২০২৪ সালের ১৯ এপ্রিল সাদিক ওই ছাত্রীকে কথা বলার জন্য বাড়িতে থেকে ডেকে নিয়ে যায় এবং দৈহিক সম্পর্ক করে। এ সময় শিপন, ইব্রাহিম ও ইউসুফ এসব দেখে ফেললে সাদিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসীকে জানিয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই ছাত্রীকে তিনজন মিলে গণধর্ষণ করে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা ২০২৪ সালের ৫ মে ইসলামপুর থানায় মো: সাদিককে প্রধান করে চারজনের নামে গণধর্ষণের মামলা করেন।

পরবর্তীতে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দোষ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় আসামী মো: শিপন, মো: ইব্রাহিম ও মো: ইউসুফকে গণধর্ষনের অভিযোগে অভিযুক্ত করে তিনজনকেই মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেন।

এছাড়াও ভুক্তভোগী স্কুল ছাত্রী মামলার প্রধান আসামী মো: সাদিকের সাথে স্বেচ্ছায় দৈহিক সম্পর্ক করেছে জানিয়ে আদালতে জবানবন্দি দেওয়ায় আদালত সাদিককে বেকুসুর খাসাল প্রদান করে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!