কুকুরকে আহত করায় ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়া শহরের কানুচগাড়ি এলাকায় ড্রেনে ছুরিকাঘাতে রক্তাক্ত একটি কুকুর পড়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে গত সোমবার রাতেই মামলা ও ডিবি পুলিশ মো. স্বপন (৪৫) নামে এক ব্যবসায়ীকে চাকুসহ গ্রেপ্তার করেছে। কুকুরকে আহত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ও চিকিৎসা সেবা দেওয়ার ঘটনায় ব্যাপক আলোচিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পর কুকুরকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য এমরান হোসেন সদর থানায় এ মামলা করেছেন। বগুড়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার ও মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার স্বপন বগুড়া মহানগরীর কানুচগাড়ি পুকুরপাড় এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী। গত সোমবার রাতে মোবাইল ফোনে খবর পেয়ে এমরান হোসেন কানুচগাড়ি এলাকার ইন্ডিপেনডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের গলিতে যান। সেখানে রক্তাক্ত জখম অবস্থায় একটি কুকুরকে ড্রেনে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করা হয়। দা, বঁটি বা ধারালো কিছু দিয়ে কুকুরটির পিঠে আঘাত করা হয়েছে। এতে ক্ষতটি প্রায় মেরুদণ্ডের কাছে পৌঁছেছে। গুরুতর আহত কুকুরটিকে মহানগরীর জলেশ্বরীতলায় একটি পশু চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে বাদী অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন জেলা প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তাদের খবর দেন। এরপর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, ভেটেরিনারি সার্জন ডা. লুৎফর রহমান, পেটস কনসালটেন্সি ডা. আকাশের সমন্বিত চিকিৎসক দল কুকুরটিকে চিকিৎসা দেন। প্রয়োজনীয় অস্ত্রোপচার ও চিকিৎসার পর কুকুরটির শারীরিক অবস্থার উন্নতি হয়। এ বিষয়ে এমরান হোসেন গত সোমবার রাতেই সদর থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা করেন। মধ্য রাতে মহানগরীর মালতিনগর বকশিবাজার এলাকা থেকে কুকুরকে আঘাতে জড়িত ব্যবসায়ী স্বপনকে গ্রেপ্তার করা হয়। বগুড়ার ওসি ডিবি ইকবাল বাহার জানান, গ্রেপ্তারের পর অভিযুক্ত ব্যবসায়ী স্বপনের কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু পাওয়া গেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যবসায়ী স্বপনকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।




