সারাদেশ

মাদারগঞ্জে ১৪ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কৃষক গ্রেফতার

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান মোল্লা (৪৫) নামে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শাহজাহান মোল্লা উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকার মৃত তারা মোল্লার ছেলে।
জানা গেছে, গত ২১ মে বৃহস্পতিবার বিকালে কিশোরীর মা বাড়ির পাশে ছাগল নিয়ে যান এবং বাবা ভিজিএফের চাল আনতে বালিজুড়ী ইউনিয়ন পরিষদের যান। এসময় ওই কিশোরী বাড়ি একা ঘুমিয়ে ছিল। ওই সুযোগে অভিযুক্ত শাহজাহান মোল্লা কিশোরীর ঘরে প্রবেশ করে স্পর্ষকাতর স্থানে হাত দিয়ে যৌন নির্যাতন করেন। পরে কিশোরীর ঘুম ভাঙলে বিষয়টি কাউকে জানালে তার পরিবারের ক্ষতি করবে বলে ভয়-ভীতি দেখায়। এসময় কিশোরীটি চিৎকার শুরু করলে অভিযুক্ত শাহজাহান মোল্লা পালিয়ে যায়। এঘটনায় শনিবার সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে শাহজাহান মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ১৪ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!